রানীগঞ্জ -: রানীগঞ্জের গিরজা পাড়ায় মঙ্গলবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি। স্থানীয় টোটো চালক রাজ ভূঁইয়া (২৪)-র নিথর দেহ একটি পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি—এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন।
ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বাঁকুড়াগামী জাতীয় সড়ক ১৪ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে থমকে যায় যান চলাচল, রাস্তাজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা—দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
মৃতের পরিবার জানিয়েছে, কয়েকদিন আগে যাত্রী তোলাকে কেন্দ্র করে রাজের সঙ্গে অন্য টোটো চালকদের তীব্র বচসা হয়েছিল। সেই বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন রাজের মা রাজবন্তী দেবী। অভিযোগ, খুনের পর প্রমাণ লোপাট করতে দেহটি পরিত্যক্ত বর্নস স্ট্যান্ডার্ড কারখানায় ফেলে রাখা হয়।
খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, যাদের সঙ্গে রাজের বিবাদ হয়েছিল, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। স্থানীয়দের একটাই দাবি—দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
Reviewed by Social Tribal News Journalist
on
April 29, 2026
Rating:

No comments: