রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অন্নপূর্ণা লেন এলাকায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মঙ্গলবার ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি সেলের সভাপতি মিতুল কেওড়া অভিযোগ করে জানান, এলাকায় একটি নির্মীয়মাণ ভবনের দেওয়ালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রার্থী কালোবরন মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখন করা হয়েছিল। কিন্তু হঠাৎই সেই দেওয়াল লিখন ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তাঁর দাবি, ওই ভবনের নির্মাণ পরিকল্পনাও এখনও অনুমোদিত নয়। অথচ শুধুমাত্র তৃণমূলের দেওয়াল লিখনই ঢেকে দেওয়া হয়েছে, যেখানে পাশেই বিজেপির দেওয়াল লিখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
মিতুল কেওড়ার অভিযোগ, এর পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনা মেনে নেবে না এবং এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে রানীগঞ্জ বিজেপি যুব মোর্চা মণ্ডল–১ এর সভাপতি মনু বর্মা বলেন, বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, বিজেপি কখনও এ ধরনের রাজনীতি করে না। দেশের ২১টি রাজ্যে বিজেপির সরকার থাকলেও কোথাও বিরোধী দলকে প্রচারে বাধা দেওয়া হয় না।
তিনি আরও বলেন, বাংলায় এটা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাম আমলে যেমন বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হত, তেমনই এখন তৃণমূলের আমলেও একই ঘটনা ঘটছে। তবে বিজেপি এই সংস্কৃতি বদলাবে বলেও দাবি করেন তিনি।
মনু বর্মা বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘ডাবল ইঞ্জিন’ সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলে প্রকৃত উন্নয়ন এবং সঠিক গণতন্ত্রের পরিবেশ তৈরি হবে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের দেওয়াল লিখন ঢেকে দেওয়ার ঘটনাটি তাদের দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
Reviewed by Social Tribal News Journalist
on
April 07, 2026
Rating:


No comments: