আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং জেলা শাসকের (ডিএম) দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তাঁর এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ও প্রাক্তন বিধায়ক ললিতেশ পতি ত্রিপাঠী।
মনোনয়ন জমা দেওয়ার আগে বিএনআর এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে প্রেম পাল সিং-সহ দলের একাধিক শীর্ষ নেতা অংশ নেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ললিতেশ পতি ত্রিপাঠী বলেন, জামুড়িয়ায় হরেরাম সিংয়ের উন্নয়নমূলক কাজই তাঁর জয়ের প্রধান ভিত্তি। তিনি দাবি করেন, সাধারণ মানুষ সেই উন্নয়নের সাক্ষী এবং সেই কারণেই হরেরাম সিংয়ের জয় “নিশ্চিত”।
একই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, মনোনয়নের দিন যে জনসমর্থন দেখা গিয়েছে, তাতে স্পষ্ট—এই রাজ্যে বিজেপির কোনও স্থান নেই। তিনি বিজেপিকে “বঙ্গবিরোধী” বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, রাজ্যের মানুষ তাদের নীতি প্রত্যাখ্যান করবে।
ললিতেশ পতি ত্রিপাঠী আরও আশাবাদ ব্যক্ত করে জানান, জামুড়িয়া কেন্দ্র থেকে হরেরাম সিং বিপুল ভোটে জয়ী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে সরকার গঠন করবে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 02, 2026
Rating:

No comments: