আসানসোল -: আসানসোল উত্তর বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পোইতুন্ডির বাসভবন অনন্যা কমপ্লেক্সের সামনে শুক্রবার রাতে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের নাম দীপ চ্যাটার্জি (৪২)। জানা গেছে, দীপ চ্যাটার্জি ওই কমপ্লেক্সেরই বাসিন্দা ছিলেন। শুক্রবার রাতে একটি নিমন্ত্রণ থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় গেটের কাছে কল্যাণপুর হাউজিং এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয়। অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ সমর্থক।
বচসার এক পর্যায়ে দীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে প্রসেনজিৎ দাকে ডাকব।” এতে উত্তেজনা আরও বাড়ে। অভিযুক্তরা প্রশ্ন তোলে, “প্রসেনজিৎ কী করবে? কাকে ভোট দিয়েছ?” উত্তরে দীপ জানান, তিনি কংগ্রেসকেই ভোট দিয়েছেন। এর পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, অভিযুক্তরা দীপের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে। লাথি-ঘুষিতে তাকে গুরুতর জখম করা হয়, এমনকি তার একটি হাতও ভেঙে যায়। স্ত্রীর সামনেই চলতে থাকে এই নির্মম অত্যাচার। দীপের স্ত্রী কাকুতি-মিনতি করে অনুরোধ জানালেও হামলাকারীরা একটুও দয়া দেখায়নি।
মারধরের একপর্যায়ে দীপ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পোইতুন্ডি দ্রুত হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসকরা দীপকে মৃত ঘোষণা করেন। এরপর ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা দেহ নিয়ে আসানসোল সাউথ থানার পুলিশ পিকেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
প্রসেনজিৎ পোইতুন্ডি স্পষ্ট জানিয়েছেন, “অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ সরানো হবে না।” পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 25, 2026
Rating:

No comments: