নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর -: ভোটের ময়দান যতই উত্তপ্ত হচ্ছে, ততই চেনা আগ্রাসী ভঙ্গিতে সামনে আসছেন অনুব্রত মণ্ডল। জেল থেকে ফেরার পর তাঁর রাজনৈতিক তেজে এতটুকু ভাটা পড়েনি—বরং পাণ্ডবেশ্বরকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্যে ফের শিরোনামে বীরভূমের এই ‘বেতাজ বাদশা’।
পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে কার্যত ‘অল আউট’ বাজি ধরলেন তিনি। সোজাসাপ্টা ঘোষণা, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী-র জয় শুধু নিশ্চিতই নয়, ব্যবধানও হবে চোখ কপালে তোলার মতো—কমপক্ষে ৪০ হাজার ভোট।
অনুব্রতের গলায় আত্মবিশ্বাসের ঝাঁজ, “আমি বলছি মিলিয়ে নেবেন, নরেন চক্রবর্তী ৪০ হাজারে জিতবে। ওখানে বিরোধী বলে কিছু নেই। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে।”
এই মন্তব্যের মধ্যেই স্পষ্ট—পাণ্ডবেশ্বরে লড়াইকে প্রায় একতরফা বলেই ধরে নিচ্ছে তৃণমূল শিবির।
শুধু ভবিষ্যদ্বাণী নয়, বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও শোনা গেল তাঁর গলায়। “যারা কুৎসা করছে, তাদের রেজাল্টের দিন জবাব দিয়ে দেব। খেলা হবে এবং জেতাও হবে!”—এই বার্তা যেন সরাসরি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, এই ‘৪০ হাজারের লিড’-এর ঘোষণা নিছক বক্তব্য নয়—এর পিছনে রয়েছে স্পষ্ট কৌশল। একদিকে দলীয় কর্মীদের উজ্জীবিত করা, অন্যদিকে বিজেপি-সহ বিরোধীদের ওপর মানসিক চাপ বাড়ানো—দুই দিকেই চাপ তৈরি করার প্রয়াস স্পষ্ট।
পাণ্ডবেশ্বরের কয়লাখনি অঞ্চল বরাবরই তৃণমূলের শক্ত জমি। তবে এবারের লড়াইয়ে বিরোধীরাও যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাবে, তা নিয়ে সংশয় নেই। তবু অনুব্রতের আত্মবিশ্বাস ইঙ্গিত দিচ্ছে—বুথস্তর পর্যন্ত সংগঠনের রাশ এখনও শক্ত হাতে ধরা রয়েছে।
এখন দেখার, এই উচ্চস্বরের হুঙ্কার কতটা বাস্তবের মাটিতে দাঁড়ায়। পাণ্ডবেশ্বর কি সত্যিই দেখবে ৪০ হাজারের ‘মেগা মার্জিন’, নাকি ভোটের বাক্স খুলতেই বদলে যাবে সমীকরণ—উত্তর লুকিয়ে রয়েছে ফলাফলের দিনেই।
Reviewed by Social Tribal News Journalist
on
April 16, 2026
Rating:


No comments: