নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পশ্চিম বর্ধমানের আসানসোলে দেবদীপ চট্টোপাধ্যায়কে পিটিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সোমবার মৃতের বাড়িতে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বাস দেন, এই দুঃসময়ে তাঁদের পাশে থাকবে কংগ্রেস।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু অভিযোগ করেন, তাঁর সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা পিটিয়ে হত্যা করেছে। তাঁর দাবি, হামলার সময় মৃতের স্ত্রী ও ছেলে অভিযুক্তদের সামনে বারবার অনুরোধ করলেও মারধর থামেনি। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানান তিনি।
এই ঘটনাকে ঘিরে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “রাজ্যে সুশাসন নেই, কুশাসন চলছে। প্রকাশ্যে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শিবদাসন দাসু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।
Reviewed by Social Tribal News Journalist
on
April 27, 2026
Rating:

No comments: