ঐতিহাসিক সভার প্রস্তুতি তুঙ্গে: আসানসোলে মোদীর জনসভা ঘিরে তৎপরতা, মাঠে নেমে খতিয়ে দেখলেন জিতেন্দ্র গোঠওয়াল
নিজস্বসংবাদদাতা, আসানসোল -: পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই আগামী ৯ এপ্রিল আসানসোলের ঐতিহ্যবাহী পোলো গ্রাউন্ডে হতে চলেছে এক গুরুত্বপূর্ণ জনসভা। এই সভায় উপস্থিত থেকে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি, এলাকাজুড়ে চোখে পড়ছে বাড়তি তৎপরতা ও উৎসাহ।
এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে পোলো গ্রাউন্ড পরিদর্শনে যান বিজেপি বিধায়ক ও আসানসোলের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র গোঠওয়াল। তিনি সভাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিং এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিক ও দলীয় কর্মীদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
পরিদর্শন শেষে গোঠওয়াল জানান, এই জনসভা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হবে সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের এক বিশাল প্রকাশ। তিনি দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছানোর এবং তাঁদের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই জনসভাকে কেন্দ্র করে আসানসোল-সহ গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। বিজেপি নেতৃত্বের আশা, প্রধানমন্ত্রী মোদীর এই সভা দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি রাজ্যে তাদের জনসমর্থন আরও মজবুত করবে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 06, 2026
Rating:

No comments: