আসানসোল -: বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে আসানসোল উত্তর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহে তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের সমর্থনে আয়োজিত রোড শো কার্যত শক্তিপ্রদর্শনের মঞ্চে পরিণত হল।
বৃহস্পতিবার, রোড শোর মূল আকর্ষণ ছিলেন অভিনেতা-নেতা দেব। তাঁর উপস্থিতিতে গোরাই রোডে নামে উপচে পড়া জনস্রোত। রাস্তার দু’পাশে দীর্ঘ ভিড়, দলীয় পতাকা ও স্লোগানে মুখর পরিবেশ—সব মিলিয়ে এলাকা জুড়ে তৈরি হয় নির্বাচনী আবহ।
দেবকে এক ঝলক দেখার জন্য ছাদ, বারান্দা ও রাস্তার ধারে ভিড় জমে যায়। বিভিন্ন জায়গায় ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। যুবক-যুবতী ও মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, একই দিনে প্রার্থী মলয় ঘটক আসানসোল মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেখানে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি দলীয় শক্তিরই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।
রোড শো ও মনোনয়নের পর আসানসোল উত্তরে রাজনৈতিক লড়াই আরও জোরদার হয়েছে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে।
রাজনৈতিক মহলের মতে, তারকা প্রচার ও সংগঠনের জোরে তৃণমূল কিছুটা এগিয়ে থাকলেও বিরোধীরাও লড়াইয়ে পিছিয়ে নেই। ফলে আসানসোল উত্তর কেন্দ্র এবারের নির্বাচনে হাই-ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 02, 2026
Rating:

No comments: