আসানসোল -: বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই বারাবনি বিধানসভা কেন্দ্রে বড় শক্তিপ্রদর্শন করল বিজেপি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে তাঁর এই সভায় বিপুল জনসমাগম হয়, যা দলীয় কর্মীদের মধ্যে নতুন জোয়ার তৈরি করেছে।
সভামঞ্চ থেকে তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ শানান যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, রাজ্যে গুন্ডারাজ ও সিন্ডিকেট রাজ চরম আকার নিয়েছে এবং তুষ্টিকরণের রাজনীতি প্রশাসনকে দুর্বল করে দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে।
আইন-শৃঙ্খলা ইস্যুতে আরও কড়া সুরে যোগী বলেন, তৃণমূল শাসনে কয়লা, বালি ও জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। অপরাধীদের প্রভাব বাড়ায় সাধারণ মানুষ চাপে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কেন্দ্রের উন্নয়নের অর্থ সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ তোলেন।
কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ রাজ্যে আলুর ন্যায্য দাম না পেয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যেখানে আলুর দাম এক থেকে দেড় টাকা প্রতি কেজি, সেখানে উত্তরপ্রদেশে তা পনেরো থেকে ষোল টাকা—যা দুই রাজ্যের কৃষিনীতি নিয়ে প্রশ্ন তোলে।
উত্তরপ্রদেশের উদাহরণ তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসার পর সেখানে আইন-শৃঙ্খলা ও উন্নয়নের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। শান্তি, নিরাপত্তা ও পরিকাঠামোর উন্নয়ন ঘটেছে বলেও দাবি করেন তিনি। একই মডেল পশ্চিমবঙ্গেও কার্যকর হতে পারে বলে বার্তা দেন।
এদিকে, সভার আগে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হন তিনি। তবে এই পরিস্থিতিতেও কর্মীদের মনোবল অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বিজেপি এবার সরকার গঠনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
রাজনৈতিক মহলের মতে, বারাবনির এই সভা শুধু প্রচার নয়, শক্তির প্রদর্শন হিসেবেও তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে এই কেন্দ্রকে ঘিরে লড়াই আরও তীব্র হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 16, 2026
Rating:

No comments: