অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল জেমারি কোলিয়ারিতে, ঝুলন্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকে দুই শ্রমিক, নাটকীয় উদ্ধার
রানীগঞ্জ -: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল ইসিএলের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার জেমারি কোলিয়ারিতে। সোমবার মডার্ন সাতগ্রামের পিট নম্বর ৪-এ গাইড রোপ ছিঁড়ে যাওয়ার ঘটনায় মাঝ আকাশে ঝুলে পড়েন দুই পাম্প কর্মী। কয়েক ঘণ্টা ধরে মৃত্যুভয়ে অন্ধকার খনির ভিতরে আটকে থাকার পর অবশেষে নাটকীয় উদ্ধার অভিযানে প্রাণে বাঁচেন তাঁরা।
সূত্রের খবর, নিয়ম ভেঙেই একটি বন্ধ পিটে কাজ করতে নামানো হচ্ছিল ওই দুই কর্মীকে। ঠিক সেই সময় আচমকা ছিঁড়ে যায় গাইড রোপ। মুহূর্তের মধ্যে বিকল হয়ে পড়ে ডোলির লিফট ব্যবস্থা এবং কয়েকশো ফুট গভীর অন্ধকার সুড়ঙ্গে ঝুলে পড়েন দুই শ্রমিক। ঘটনায় খনি এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে ইসিএল কর্তৃপক্ষ। পরিস্থিতি জটিল হওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে আরও দুই কর্মীকে পিটের ভিতরে নামানো হয়। টানা কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর অবশেষে আটকে পড়া দুই শ্রমিককে জীবিত অবস্থায় উপরে তোলা সম্ভব হয়।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে শ্রমিক মহল। আইএনটিটিইউসি নেতা সুখময় পাণ্ডে সরাসরি ব্যবস্থাপনাকে কাঠগড়ায় তুলে বলেন,
“বন্ধ পিটে কর্মী নামানো সম্পূর্ণ বেআইনি। গাইড রোপ ছিঁড়ে যাওয়া প্রমাণ করে রক্ষণাবেক্ষণে চরম গাফিলতি। আজ বড় বিপর্যয় ঘটলে তার দায় কে নিত?”
ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এই বিষয়ে ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের প্রশ্ন করা হলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান।
Reviewed by Social Tribal News Journalist
on
April 06, 2026
Rating:

No comments: