আসানসোল -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল অঞ্চলে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে বৃহস্পতিবার আসানসোলের পোলো ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে রাজ্যে পরিবর্তনের ডাক দেন।
প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া এখন স্পষ্ট। মানুষের এই মনোভাব খুব শীঘ্রই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে বলেও তিনি দাবি করেন। তিনি উল্লেখ করেন, আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিতব্য ভোট রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভাষণে আসানসোল ও দুর্গাপুরের পুরনো শিল্প ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরে মোদী বলেন, একসময় এই অঞ্চল দেশের অন্যতম শিল্পকেন্দ্র ছিল। ইস্পাত, রেল, কাঁচসহ বিভিন্ন শিল্পে সমৃদ্ধ এই অঞ্চলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হতো। কিন্তু বর্তমানে শিল্পের অবনতি ঘটায় বহু যুবককে কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, তৃণমূলের আমলে বেড়ে ওঠা গুন্ডাগিরি ও মাফিয়া চক্রের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলি এলাকা ছাড়ছে, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনকে তিনি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং আসানসোলকে তার হারানো শিল্প পরিচয় ফিরিয়ে আনার সুযোগ বলেও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে আইন-শৃঙ্খলা জোরদার করা হবে এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। এর মাধ্যমে শিল্প পুনরুজ্জীবন ঘটিয়ে কর্মসংস্থানের পথ খুলে দেওয়া হবে।
মালদার একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং কোনও ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সভা শেষে বিজেপির মূল মন্ত্র “সবকা সাথ, সবকা বিকাশ” তুলে ধরে মোদী বলেন, সমাজের প্রতিটি স্তরের উন্নয়নই সরকারের লক্ষ্য। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাজ্যের সম্পদ লুট করেছে, তাদের “সবকা হিসাব” নেওয়া হবে।
শেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানান, ২৩ এপ্রিল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গের নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলুন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, ৪ মে-র পর রাজ্যে উন্নয়ন ও সুশাসনের নতুন অধ্যায় শুরু হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 09, 2026
Rating:

No comments: