Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ধস ইস্যু ‘নির্বাচনী চাল’, সরাসরি অভিযোগ পার্থ ঘোষের


 প্রতিবেদক, রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ শুক্রবার কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দলোক হাসপাতাল সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের উন্নয়নমূলক পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি।

পার্থ ঘোষ জানান, জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকায় ঘুরে তিনি বহু সমস্যার চিত্র সামনে পেয়েছেন। তাঁর অভিযোগ, রানীগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, অনেক জায়গায় তা ড্রেনের মতো হয়ে গিয়েছে। পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবারও যথেষ্ট অভাব রয়েছে। সরকারি স্বাস্থ্যব্যবস্থা সঠিকভাবে না থাকায় সাধারণ মানুষকে বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষাক্ষেত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিজেপি প্রার্থী বলেন, কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। টিডিবি কলেজ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংখ্যা কমে যাওয়া উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

কর্মসংস্থানের প্রসঙ্গে পার্থ ঘোষের দাবি, এলাকার শিল্প কারখানায় স্থানীয়দের বদলে বাইরের মানুষ বেশি কাজ পাচ্ছেন। তাঁর প্রতিশ্রুতি, বিজেপি সরকার গঠিত হলে প্রথমে স্থানীয়দেরই কাজের সুযোগ দেওয়া হবে।


এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সভাকেও নিশানা করেন তিনি। ধসপ্রবণ এলাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাট ও আর্থিক সাহায্যের ঘোষণাকে “নির্বাচনী প্রতিশ্রুতি” বলে কটাক্ষ করেন পার্থ ঘোষ। তাঁর দাবি, রানীগঞ্জকে সরিয়ে নেওয়ার বিষয়টি বহুদিন ধরেই বলা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।

এছাড়া ইসিএল-এর একটি নোটিশ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। তিনি প্রশ্ন তোলেন, যদি এলাকা সত্যিই ধসপ্রবণ হয়, তবে নতুন বিল্ডিং প্ল্যান কীভাবে অনুমোদিত হচ্ছে।

রাজারবান্ধ এলাকায় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে পার্থ ঘোষ বলেন, ওই এলাকা অবহেলায় জঙ্গলে পরিণত হয়েছে, যা প্রশাসনের উদাসীনতারই প্রমাণ।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে রানীগঞ্জকে মিউনিসিপ্যালিটি করার উদ্যোগ নেওয়া হবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার ব্যবস্থা করা হবে এবং একটি আধুনিক পার্ক গড়ে তোলা হবে।

সবশেষে তিনি দাবি করেন, “রানীগঞ্জ শহর উঠে যাবে” এই ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। সরকারি ভাবে এমন কোনও নোটিফিকেশন জারি হয়নি বলেই তাঁর দাবি। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও মানুষের পাশে থেকেই কাজ করবেন।

ধস ইস্যু ‘নির্বাচনী চাল’, সরাসরি অভিযোগ পার্থ ঘোষের ধস ইস্যু ‘নির্বাচনী চাল’, সরাসরি অভিযোগ পার্থ ঘোষের Reviewed by Social Tribal News Journalist on April 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.