প্রতিবেদক, আসানসোল -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই নজির গড়ল পশ্চিম বর্ধমান জেলা। ভোটদানের হারে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সন্ধ্যা ৫টা পর্যন্ত ৮৬.৯৭ শতাংশ ভোট পড়েছে জেলাজুড়ে। নির্বাচন কমিশনের প্রাথমিক পরিসংখ্যান বলছে, এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ৮৪ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে—যা জেলার নির্বাচনী ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।
সবচেয়ে এগিয়ে রয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র, যেখানে ভোট পড়েছে ৮৮.৭৬ শতাংশ। খুব কাছাকাছি রয়েছে জামুড়িয়া (৮৮.৩০%) এবং বারাবনি (৮৭.৪৫%)। রানীগঞ্জ (৮৭.৯৩%) ও আসানসোল দক্ষিণ (৮৭.১২%) কেন্দ্রেও ভোটের হার ৮৭ শতাংশের গণ্ডি পেরিয়েছে।
দুর্গাপুর পূর্ব (৮৬.৪৫%) ও দুর্গাপুর পশ্চিম (৮৬.২৪%) কেন্দ্রেও জোরদার ভোট হয়েছে। কুলটি (৮৫.৮৮%) এবং আসানসোল উত্তর (৮৪.৫৮%) কেন্দ্রেও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা গিয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সকালে কিছুটা ধীর গতিতে শুরু হলেও দুপুরের পর থেকেই ভোটের গতি দ্রুত বাড়তে থাকে, বিশেষ করে শেষ দুই ঘণ্টায় ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন বুথে।
ঘণ্টা ধরে ভোটদানের চিত্রে দেখা যায়—সকাল ৯টা পর্যন্ত ১৯.০২ শতাংশ, ১১টা পর্যন্ত ৪০.৩০ শতাংশ, দুপুর ১টা পর্যন্ত ৬০.৪৫ শতাংশ, বিকেল ৩টা পর্যন্ত ৭৫.৫২ শতাংশ এবং শেষ পর্যন্ত সন্ধ্যা ৫টায় গিয়ে দাঁড়ায় ৮৬.৯৭ শতাংশে।
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানে মোট ভোট পড়েছিল প্রায় ৮৩ শতাংশ। এবারের ভোটদানের হার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। নির্বাচন কমিশনের মতে, সন্ধ্যা ৬টার পর লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট যুক্ত হলে এই হার আরও বাড়তে পারে এবং ৮৮ শতাংশের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। জেলাজুড়ে মোতায়েন ছিল ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথাও বড় ধরনের অশান্তির খবর মেলেনি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটদান সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের দাবি।
ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলা ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক বুথে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সাহায্য করতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা—কেউ কোলে তুলে, কেউ বা হাত ধরে পৌঁছে দিয়েছেন ভোটকেন্দ্রে।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটেই পশ্চিম বর্ধমান স্পষ্ট বার্তা দিল—গণতন্ত্রের উৎসবে অংশ নিতে এবার আগের সব সীমা ছাড়িয়ে গিয়েছেন সাধারণ মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
April 23, 2026
Rating:

No comments: