নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর কেন্দ্রের একটি নির্বাচনী সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। সভা শেষে আসাদুদ্দিন ওয়াইসি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যপ্রণালী এবং সামাজিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি রাজ্য সরকারের সমালোচনায় সরব হন।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি-র আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চন্দেলের বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওয়াইসি জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “এই ব্যক্তি কে, তা আমরা জানি না। এবার প্রতিটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।”
নিজের ভাষণে ওয়াইসি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভিযোগ করেন, গত ১৫ বছরে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অন্যায় ও অবহেলা করা হয়েছে। তাঁর দাবি, শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়নের কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি আসানসোল এলাকায় বেড়ে চলা মাদক কারবার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায়ীরা অবাধে সক্রিয় থাকলেও প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এর ফলে বহু যুবক নেশার কবলে পড়ছে, যা ভবিষ্যতের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি।
ওয়াইসি আরও অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এজেন্ট এজাজ আহমেদের ওপর হামলা চালানো হয়েছে এবং সভার আয়োজনেও বাধা সৃষ্টি করা হয়েছে। টেন্ট ও সাউন্ড সিস্টেমের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, নির্ধারিত ব্যবস্থার পরিবর্তে খোলা আকাশের নীচে সভা করতে বাধ্য হন তাঁরা।
ওয়াইসির এই অভিযোগের জেরে আসানসোল উত্তর কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ আরও তপ্ত হয়ে উঠেছে। যদিও অন্যান্য রাজনৈতিক দলের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আগামী নির্বাচনে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।
Reviewed by Social Tribal News Journalist
on
April 15, 2026
Rating:
.jpg)
No comments: