Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় রানীগঞ্জের উমং, গর্বিত খনি অঞ্চল


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: কয়লা খনির শহর রানীগঞ্জ থেকে উঠে এসে রাজ্যজুড়ে নিজের মেধার স্বাক্ষর রাখল উমং ভুত। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অর্জন করে শুধু পরিবারকেই নয়, গোটা খনি অঞ্চলকেই গর্বিত করেছে সে।

চলতি বছরের ২৪ মে অনুষ্ঠিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সেই কঠিন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করে মেধা তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রানীগঞ্জের এই কৃতি ছাত্র।

উমং-এর বাবা অমিত ভুত ডাক বিভাগের একজন এজেন্ট। সাধারণ পরিবারের সন্তান হয়েও নিজের অধ্যবসায়, পরিশ্রম এবং একাগ্রতার জোরে এই সাফল্য ছিনিয়ে এনেছে সে। রানীগঞ্জের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য দুর্গাপুরের একটি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হয় উমং। পাশাপাশি একটি কোচিং সেন্টারেও নিয়মিত পড়াশোনা চালিয়ে যায়।

তবে সাফল্যের পেছনে কোনও বাঁধাধরা রুটিন ছিল না বলে জানিয়েছে উমং। তার কথায়, “আমি নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতাম না। যখনই পড়ার ইচ্ছা হতো, তখনই মন দিয়ে পড়তাম। বিষয়গুলো বুঝে পড়ার চেষ্টা করেছি।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উমং জানায়, তার লক্ষ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর -এ পড়াশোনা করা। দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে।

ছেলের এই কৃতিত্বে আবেগাপ্লুত বাবা-মা। উমং-এর এমন ফলাফলে তাঁরা যেমন আনন্দিত, তেমনই বিস্মিতও। অন্যদিকে, রানীগঞ্জের ছেলে রাজ্যের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়ায় খুশির জোয়ার বইছে এলাকাজুড়ে। প্রতিবেশী থেকে শিক্ষক— সকলের মুখেই এখন উমং-এর প্রশংসা।

খনি অঞ্চলের এই সাফল্য যে আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে, তা বলাই বাহুল্য। উমং-এর এই কৃতিত্বে আজ গর্বিত রানীগঞ্জ, গর্বিত সমগ্র পশ্চিম বর্ধমান।

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় রানীগঞ্জের উমং, গর্বিত খনি অঞ্চল জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় রানীগঞ্জের উমং, গর্বিত খনি অঞ্চল Reviewed by Social Tribal News Journalist on June 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.