কোমরে দড়ি বেঁধে গ্রামে তল্লাশি, ‘চোর-চোর’ স্লোগানে মুখর এগারা ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার তৃণমূলের দুই নেতাকে নিয়ে অভিযানে পুলিশ
রানীগঞ্জ -: ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে নিয়ে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার এগারা গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিবেক মন্ডলকে কোমরে দড়ি বেঁধে গ্রামে নিয়ে যাওয়া হয়। তাঁদের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় রানীগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত রাজনৈতিক হিংসা, হামলা এবং বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। মঙ্গলবার দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হলে আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের নিয়ে এগারা গ্রামে পৌঁছয় পুলিশ। প্রায় এক কিলোমিটার পথ হেঁটে তাঁদের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। তল্লাশি চলাকালীন এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। বহু গ্রামবাসী রাস্তায় নেমে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। যদিও পুলিশি নিরাপত্তার কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হত। সেই ক্ষোভ থেকেই এদিন গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গ্রেপ্তার দুই নেতা।
অশোক হেলা ও বিবেক মন্ডলের দাবি, তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁরা বলেন, ‘‘রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটি তারই অংশ। আমরা নির্দোষ। তদন্তে সত্য সামনে আসবে।’’
অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও অত্যাচারের যে অভিযোগ উঠছিল, পুলিশ তারই তদন্ত করছে। আইন তার নিজস্ব গতিতেই চলছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একসময়ের প্রভাবশালী দুই রাজনৈতিক নেতাকে পুলিশি পাহারায় কোমরে দড়ি বেঁধে নিজ গ্রামে নিয়ে গিয়ে তল্লাশি চালানোর ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। এখন তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
Reviewed by Social Tribal News Journalist
on
June 25, 2026
Rating:

No comments: