আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্য সচেতনতার বার্তা, বেলডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য যোগাভ্যাস অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার জামুড়িয়া শিক্ষা চক্র-২-এর অন্তর্গত নির্মল বিদ্যালয় পুরস্কারপ্রাপ্ত বেলডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের একাংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের খোলা মাঠে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয় যোগাভ্যাসের আসর। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও শারীরিক অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরিন্দম ব্যানার্জি। তাঁকে সহযোগিতা করেন সহকারী শিক্ষক মনোতোষ মুখার্জী ও বিষ্ণুদাস মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরিন্দম ব্যানার্জি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে যোগাসনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যোগ শুধুমাত্র একটি শারীরিক অনুশীলন নয়, এটি শরীর ও মনের মধ্যে ভারসাম্য রক্ষা করার এক প্রাচীন ও বৈজ্ঞানিক পদ্ধতি। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও একাগ্রতাও বাড়ায়।
তিনি উপস্থিত সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, "প্রতিদিনের জীবনে যোগাসনকে অভ্যাসে পরিণত করতে হবে। সুস্থ শরীর ও সুস্থ মনই একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি। যোগাভ্যাসের মাধ্যমে আমরা নিজেদের পাশাপাশি সমাজকেও আরও সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলতে পারি।"
বিদ্যালয়ের এই উদ্যোগকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 21, 2026
Rating:

No comments: