অন্ডাল, ৬ জুন -: বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল অন্ডাল জিআরপি। শনিবার দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়। ঘটনায় উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা ববি নোন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আসানসোল আদালতে পেশ করা হয়।
রেল সূত্রে জানা গেছে, পূর্বা এক্সপ্রেসে নিয়মিত তল্লাশির সময় জিআরপি কর্মীদের নজরে আসে এক যুবক, যার কাছে একাধিক বস্তা ছিল। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে বস্তাগুলি তল্লাশি করা হয়। তল্লাশিতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—বস্তার ভিতরে জীবন্ত কচ্ছপ ভরা ছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ট্রেনটি রানীগঞ্জ স্টেশনে থামানো হয়। এরপর অভিযুক্তকে ট্রেন থেকে নামিয়ে অন্ডাল জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও বিস্তারিত তদন্তে প্রায় ৯০ থেকে ৯৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, হাওড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাকে এই বস্তাগুলি দেওয়া হয়েছিল। তবে কারা তাকে এই দায়িত্ব দিয়েছিল এবং কাদের কাছে কচ্ছপগুলি পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
ঘটনার খবর পেয়ে বন দপ্তর ও ডিএফও দপ্তরের আধিকারিকরা অন্ডাল জিআরপি থানায় পৌঁছন। উদ্ধার হওয়া সমস্ত কচ্ছপ বন দপ্তরের হেফাজতে তুলে দেওয়া হয়েছে। তাদের প্রজাতি শনাক্তকরণ এবং পরবর্তী সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণের কাজও শুরু হয়েছে।
অন্ডাল জিআরপি সূত্রে খবর, এটি একটি সুসংগঠিত বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে জড়িত হতে পারে। কচ্ছপগুলির উৎস, পাচারের রুট এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই ঘটনার সূত্র ধরে আরও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 06, 2026
Rating:

No comments: