কুমারপুর ব্রিজে মর্মান্তিক পথদুর্ঘটনা, প্রাণ গেল দুই ডেলিভারি কর্মীর বিক্ষোভে উত্তাল জিটি রোড, অবরোধ তুলতে ঘটনাস্থলে বিধায়ক
নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শনিবার এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। কুমারপুর ব্রিজ সংলগ্ন জিটি রোডে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ডেলিভারি কর্মী—কুণাল সিং ও আদিত সাও গুরুতর জখম হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, পিকআপ ভ্যানটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই যুবক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় দু'ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী ও যানবাহনের চালক।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
বিধায়ক বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তিনি পুলিশের কাছে দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং মৃত দুই যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে দুর্ঘটনার পর ফের জিটি রোডে বেপরোয়া গতিতে যান চলাচল এবং সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ট্রাফিক নজরদারি ও কড়া ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত পিকআপ ভ্যানের চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 27, 2026
Rating:

No comments: