নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের রাজনৈতিক মহলে ফের তোলপাড়। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে প্রাক্তন ছাত্রনেতা তথা যুব তৃণমূল নেতা সৌমিত্র ব্যানার্জিকে গ্রেফতার করেছে রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর চর্চা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির একটি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। অভিযোগকারী বিজেপি নেতা রবি কেশরীর দাবি, কর্মসূচি চলাকালীন তৃণমূল-সমর্থিত একদল দুষ্কৃতী বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। সেই ঘটনায় নেতৃত্বের ভূমিকায় ছিলেন সৌমিত্র ব্যানার্জি।
রবি কেশরীর অভিযোগ, হামলায় একাধিক বিজেপি কর্মী আহত হন। ঘটনার ভিডিও ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। অভিযোগকারী পক্ষের বক্তব্য, ওই ফুটেজে হামলার ঘটনা এবং কয়েকজন অভিযুক্তের উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি ও হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত নেতার বিরুদ্ধে বলেও দাবি বিজেপির।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক পরিচয় নয়, আইনের চোখে সকলেই সমান। তাই এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। দলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন সৌমিত্র ব্যানার্জি। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কোনও হামলার ঘটনায় আমার কোনও ভূমিকা নেই। তদন্তে সত্য প্রকাশ্যে আসবে।”
উল্লেখ্য, অতীতেও বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে সৌমিত্র ব্যানার্জির নাম রাজনৈতিক মহলে আলোচনায় উঠে এসেছিল। ফলে তাঁর গ্রেফতারির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে বিজেপি এই ঘটনাকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি করছে, অন্যদিকে অভিযুক্তের অনুগামীদের একাংশের বক্তব্য, এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে এখন নজর তদন্তের উপরেই। এই মামলায় শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে এবং আদালতে তার কী প্রভাব পড়ে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
June 16, 2026
Rating:

No comments: