রানীগঞ্জ -: আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস (২১ জুন) উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার সকালে রানীগঞ্জ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ ‘যোগা কাম মেডিটেশন সেশন’। রানীগঞ্জ থানার আইসি সুবীর কর্মকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে থানার আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আইসি সুবীর কর্মকার নিজেও সহকর্মীদের সঙ্গে যোগব্যায়াম ও ধ্যানচর্চায় অংশ নেন। প্রায় ৪৫ মিনিটব্যাপী এই সেশনে যোগ ও ধ্যানের বিভিন্ন কৌশল শেখানো হয়। কর্মসূচিটি পরিচালনা করেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক ও ফিজিওথেরাপিস্ট সোমেন মোদক।
যোগাভ্যাসের পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদের শারীরিক সুস্থতা, মানসিক স্থিতি বজায় রাখা এবং কর্মক্ষেত্রের চাপ মোকাবিলায় যোগ ও ধ্যানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। প্রশিক্ষক সোমেন মোদক জানান, নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে শান্ত ও একাগ্র রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
দীর্ঘ ও চাপপূর্ণ কর্মজীবনের মাঝে নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে যোগচর্চার গুরুত্ব উপলব্ধি করে উপস্থিত আধিকারিক ও কর্মীরা ভবিষ্যতেও নিয়মিত যোগ ও ধ্যান করার অঙ্গীকার করেন।
পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে রানীগঞ্জ থানার এই উদ্যোগকে এক প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
June 18, 2026
Rating:


No comments: