গরিবের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন গোডাউনে! উদ্ধার ঘিরে তোলপাড় পাণ্ডবেশ্বর
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর -: পাণ্ডবেশ্বরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি সংলগ্ন একটি গোডাউনকে কেন্দ্র করে। শুক্রবার সকালে বাঁকোলা এলাকায় অবস্থিত ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও জনকল্যাণমূলক প্রকল্পের সামগ্রী উদ্ধারের অভিযোগ সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনটিতে মজুত অবস্থায় পাওয়া যায় সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল, শিশুদের স্কুল ইউনিফর্ম ও জুতো, মহিলাদের জন্য বরাদ্দ বিভিন্ন সামগ্রী, আলতা-সিঁদুর-সহ একাধিক সরকারি প্রকল্পের উপকরণ। অভিযোগ, এই সমস্ত সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ হলেও দীর্ঘদিন ধরে তা গোপনে মজুত করে রাখা হয়েছিল।
ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। গোডাউনের সামনে জড়ো হয়ে তাঁরা প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বর্ষাকালে একটি ত্রিপল, শীতকালে একটি কম্বল কিংবা ডেঙ্গুর সময় একটি মশারি পাওয়ার জন্য সাধারণ মানুষকে পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে বারবার। অথচ সেই সব সরকারি সামগ্রীই বছরের পর বছর ধরে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মজুত করে রাখা হয়েছে বলে তাঁদের দাবি।
এক বিক্ষোভকারী মহিলার কথায়, “আমরা যখন প্রয়োজনের সময় সরকারি সাহায্য চাইতে গিয়ে খালি হাতে ফিরেছি, তখন গরিব মানুষের জন্য বরাদ্দ জিনিসপত্র গোডাউনে স্তূপ করে রাখা হয়েছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, বিষয়টি শুধু একটি গোডাউনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সরকারি সম্পদের অপব্যবহার এবং সাধারণ মানুষের অধিকার বঞ্চনার প্রশ্ন জড়িয়ে রয়েছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
তবে অভিযোগের বিষয়ে প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী কীভাবে একটি ব্যক্তিগত গোডাউনে পৌঁছল, কার নির্দেশে তা মজুত রাখা হয়েছিল এবং এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না— সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে পুলিশ-প্রশাসন।
Reviewed by Social Tribal News Journalist
on
June 05, 2026
Rating:


No comments: