Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তোলাবাজি-সন্ত্রাসের অভিযোগে যুব তৃণমূল নেতা গ্রেফতার, থানার বাইরে ডিমবৃষ্টি ও ‘চোর-চোর’ ধ্বনিতে উত্তাল পাণ্ডবেশ্বর


 নিজস্ব সংবাদদাতা | পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান -: ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি ও সন্ত্রাসের একাধিক অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বৈদ্যনাথপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ। শুক্রবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের মহাল গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আর শনিবার আদালতে পেশ করার জন্য থানার বাইরে আনা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। অভিযুক্ত যুবনেতাকে লক্ষ্য করে শুরু হয় ডিমবৃষ্টি, পাশাপাশি গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে ‘চোর-চোর’ স্লোগানে।

স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, দাদাগিরি এবং সন্ত্রাসের নানা অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রে ছিলেন আলাউদ্দিন শেখ। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি তদন্তের জাল ক্রমশ শক্ত হতে থাকে। অবশেষে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মহলে তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

শনিবার সকালে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে ধৃত নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। কোমরে দড়ি বেঁধে থানার বাইরে আনা মাত্রই আগে থেকে অপেক্ষারত বিক্ষুব্ধ জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়। একের পর এক ডিম ছুড়ে মারার পাশাপাশি ধ্বনিত হতে থাকে ‘চোর-চোর’ স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত ধৃতকে নিরাপত্তার বলয়ে নিয়ে গিয়ে ভ্যানে তোলে এবং আদালতের উদ্দেশ্যে রওনা দেয়।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ জোরদার হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়ও সেই অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আলাউদ্দিন শেখের গ্রেফতারি ঘিরে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বর জুড়ে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা গ্রেফতারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি আলাউদ্দিন শেখ। নীরব থাকেন তিনি।

তোলাবাজি-সন্ত্রাসের অভিযোগে যুব তৃণমূল নেতা গ্রেফতার, থানার বাইরে ডিমবৃষ্টি ও ‘চোর-চোর’ ধ্বনিতে উত্তাল পাণ্ডবেশ্বর তোলাবাজি-সন্ত্রাসের অভিযোগে যুব তৃণমূল নেতা গ্রেফতার, থানার বাইরে ডিমবৃষ্টি ও ‘চোর-চোর’ ধ্বনিতে উত্তাল পাণ্ডবেশ্বর Reviewed by Social Tribal News Journalist on June 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.