নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর -: শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও নাগরিকবান্ধব করে তুলতে এবার কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করেন, জনসমক্ষে আবর্জনা ফেলা বা থুতু ফেলার মতো অসচেতন আচরণের বিরুদ্ধে শীঘ্রই জরিমানার ব্যবস্থা চালু করা হবে।
এদিন মন্ত্রী নিজে হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাঁর এই প্রতীকী উদ্যোগ বলে জানান তিনি। উপস্থিত নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “শুধুমাত্র প্রশাসনের পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। প্রত্যেক বাসিন্দাকে নিজের শহরের প্রতি দায়িত্বশীল হতে হবে।”
মন্ত্রী জানান, দুর্গাপুরকে রাজ্যের অন্যতম আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক পরিষেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে খুব শীঘ্রই চালু করা হবে একটি বিশেষ হেল্পলাইন পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে বাসিন্দারা নিকাশি ব্যবস্থা, রাস্তার সমস্যা, পানীয় জল, পথবাতি কিংবা পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে জানাতে পারবেন।
তিনি আরও বলেন, নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসন ও নাগরিকদের যৌথ প্রচেষ্টাতেই দুর্গাপুর আগামী দিনে পরিচ্ছন্নতা ও উন্নত নাগরিক পরিষেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা নিয়ে এদিনের এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 16, 2026
Rating:

No comments: