নিজস্ব প্রতিনিধি , রানীগঞ্জ -: বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলকে গ্রেফতার করল রানীগঞ্জ থানার পুলিশ। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানের পর থেকেই রানীগঞ্জ ব্লক জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে হওয়া এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক অভিযোগের ভিত্তিতে সিধান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচন-পর্বে বিরোধীদের উপর হামলা চালানো, বালু পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের অর্থে অনিয়ম ও তছরুপের অভিযোগ রয়েছে। অভিযোগগুলির তদন্তে নেমেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিজেপির আসানসোল দক্ষিণ গ্রামীণ মণ্ডল সভাপতি পরিমল মাঝি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী নেতা-কর্মীদের উপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হয়েছে। রাজ্যজুড়ে দুর্নীতি, সন্ত্রাস ও স্বজনপোষণের অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-কর্মীর নাম সামনে আসছে। যে হারে গ্রেফতারি চলছে, তাতে একদিন ব্রিগেড ময়দানও কম পড়ে যাবে।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সিধান মণ্ডল। বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁর কথায়, “এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আইনিভাবেই আমি এই লড়াইয়ের মোকাবিলা করব এবং সত্য সামনে আসবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিধান মণ্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রানীগঞ্জের রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষেরও।
Reviewed by Social Tribal News Journalist
on
June 11, 2026
Rating:

No comments: