Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জয় বালাজিতে শ্রমিক বিক্ষোভ, ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব কর্মীরা


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলপুর সংলগ্ন অবস্থিত বেসরকারি কারখানা জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ সোমবার শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কারখানা চত্বর। দীর্ঘদিন ধরে বেতন প্রদান, ন্যায্য মজুরি, দুর্গাপূজার বোনাস এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত একাধিক অভিযোগকে সামনে রেখে শ্রমিকরা জোরালো আন্দোলনে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন প্রদান করা হয় না। পাশাপাশি সরকার নির্ধারিত দৈনিক মজুরি থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের দাবি, পূর্ববর্তী সময়ে যে হারে মজুরি নির্ধারণ করা হয়েছিল তা অত্যন্ত কম ছিল এবং বর্তমানে নির্ধারিত মজুরিও সঠিকভাবে ও সময়মতো তাঁদের হাতে পৌঁছাচ্ছে না।

শুধু বেতন ও মজুরি নয়, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।

দুর্গাপূজার বোনাস নিয়েও সরব হন আন্দোলনরত শ্রমিকরা। তাঁদের অভিযোগ, উৎসবের আগে বোনাস প্রদানের কথা থাকলেও তা নির্ধারিত সময়ে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার পর বোনাস প্রদান করা হয়, যার ফলে শ্রমিক পরিবারগুলি আর্থিক সমস্যার মুখে পড়ে।

বিক্ষোভ চলাকালীন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার প্রতিনিধি কিশন কুমার খাটানা শ্রমিকদের দাবিকে যথার্থ বলে স্বীকার করেন। তিনি জানান,

“শ্রমিকদের দাবিগুলি সম্পূর্ণ ন্যায্য। আগামী দিনে আমরা তাঁদের সমস্ত দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং মজুরি, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

পরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা আপাতত তাঁদের আন্দোলন স্থগিত রাখেন। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কারখানায় শ্রমিকদের এই বিক্ষোভ ফের একবার শ্রমিক স্বার্থ, ন্যায্য মজুরি, সময়মতো বেতন এবং নিরাপদ কর্মপরিবেশের প্রশ্নকে সামনে নিয়ে এল। শ্রমিকদের দাবি আদৌ কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর শিল্পাঞ্চলের মানুষের।

জয় বালাজিতে শ্রমিক বিক্ষোভ, ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব কর্মীরা জয় বালাজিতে শ্রমিক বিক্ষোভ, ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব কর্মীরা Reviewed by Social Tribal News Journalist on June 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.