নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: বর্ষাকালে দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার আসানসোলের বার্নপুরের রহমতনগর, সুভাষপল্লি-সহ সংলগ্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত ও মানসম্পন্নভাবে প্রকল্প শেষ করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে বর্ষার সময় এই এলাকাগুলির বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হতো। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই রাজ্য সরকার ড্রেনেজ পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষাকালে জল জমে থাকার সমস্যা অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবেন।
তিনি আরও জানান, শুধু রহমতনগর বা সুভাষপল্লিই নয়, পর্যায়ক্রমে শহরের অন্যান্য জলজটপ্রবণ এলাকাতেও একই ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে। নাগরিকদের উন্নত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল শহরের পরিচ্ছন্নতা কর্মীদের সংবর্ধনা। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাঁদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে মন্ত্রী সাফাইকর্মীদের হাতে বস্ত্র তুলে দিয়ে সম্মান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সাফাইকর্মীদের অবদান অনস্বীকার্য এবং তাঁদের সম্মান জানানো সমাজের প্রত্যেকের কর্তব্য।
এদিকে, বহুদিনের জলজট সমস্যার সমাধানে ড্রেনেজ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, প্রকল্পটি দ্রুত সম্পূর্ণ হলে বর্ষাকালে জল জমে নিত্যদিনের ভোগান্তি থেকে উল্লেখযোগ্যভাবে মুক্তি মিলবে এবং এলাকার সামগ্রিক পরিকাঠামোরও উন্নতি ঘটবে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 27, 2026
Rating:

No comments: