প্রচণ্ড দাবদাহে মানবিকতার নজির, জনকল্যাণ শিবিরে পথচলতি মানুষের পাশে জেএমডি ক্লাব ও রানীগঞ্জ অ্যাথলেট
রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: প্রচণ্ড গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রানীগঞ্জের জেএমডি ক্লাব ও রানীগঞ্জ অ্যাথলেট। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে আয়োজিত বৃহৎ জনকল্যাণ শিবিরে হাজারো মানুষের সমাগমের মাঝে এই দুই সংগঠনের মানবিক উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে।
বুধবার সকাল থেকেই শিবির প্রাঙ্গণে উপচে পড়ে মানুষের ভিড়। বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করা, তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ সেখানে উপস্থিত হন। কিন্তু তীব্র দাবদাহ ও প্রখর রোদের কারণে শিবিরে আসা মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
সেই পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দেয় জেএমডি ক্লাব ও রানীগঞ্জ অ্যাথলেট। শিবিরে আগত সাধারণ মানুষের কথা ভেবে দুই সংগঠনের উদ্যোগে একটি বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। সেখানে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা শরবত ও পুষ্টিকর কলা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে এই উদ্যোগ যেন এক টুকরো স্বস্তির বার্তা হয়ে আসে।
উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য, সরকারি পরিষেবার পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে। অনেকেই সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে।
জেএমডি ক্লাবের সদস্যরা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা ও জনকল্যাণের উদ্দেশ্য থেকেই তাঁদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে এভাবেই পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।
এদিনের পরিষেবা কর্মসূচিতে জেএমডি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ সাও, সূরজ সাও, শৈলেশ ঠাকুর, জয় সাও, সূরজ বর্মন, অজয় সাও, অভিনাশ ঝা, গৌতম ঠাকুর, রকি কৌরি, সন্দীপ গোস্বামী, অমনগিরি পাসওয়ান-সহ অন্যান্য সদস্যরা। অন্যদিকে রানীওগঞ্জ অ্যাথলেটের কর্ণধার রবি সিং-ও সক্রিয়ভাবে এই সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষ এক ফোঁটা স্বস্তির খোঁজে, তখন জেএমডি ক্লাব ও রানীগঞ্জ অ্যাথলেটের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
Reviewed by Social Tribal News Journalist
on
June 17, 2026
Rating:

No comments: