নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসকে স্মরণ করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল জামুড়িয়া মণ্ডল-২-এর শ্যামলা অঞ্চল বিজেপি। মঙ্গলবার খোট্টাডিহি কমিউনিটি হলে গৌরী দেবী হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে এলাকার বিভিন্ন গ্রামের বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।
সকাল থেকেই শিবিরে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ একাধিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারীরা জানান, গ্রামীণ এলাকার মানুষের কাছে এমন উদ্যোগ অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিজেপির মণ্ডল-২ সভাপতি রাহুল বাউরীসহ দলের একাধিক নেতা ও কর্মী।
স্থানীয় বিজেপি কর্মী নির্মল পাল বলেন, “ক্ষমতায় আসার আগে থেকেই আমরা এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছিলাম। তারই অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের ভাবনা বাস্তবায়িত হয়েছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে গৌরী দেবী হাসপাতাল আমাদের পূর্ণ সহযোগিতা করেছে।”
অন্যদিকে মণ্ডল সভাপতি রাহুল বাউরী বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবসে এমন একটি জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করায় দলের সকল কর্মীকে ধন্যবাদ জানাই। শ্যামলা অঞ্চল থেকে এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের সূচনা হলো। আগামী দিনে জামুড়িয়া মণ্ডল-২-এর বিভিন্ন এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত গ্রামের মানুষও নিজেদের বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেতে পারেন।”
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে বিজেপির এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে বিস্তৃত হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
June 23, 2026
Rating:

No comments: