কয়লা পাচারকাণ্ডে বড় ধাক্কা! ADPC-র স্পেশাল ব্রাঞ্চের অফিসার গ্রেফতার, তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৮ জুন -: পশ্চিমবঙ্গের বহুল আলোচিত কয়লা পাচারকাণ্ডে ফের বড়সড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC)-এর স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের খবর সামনে আসতেই প্রশাসনিক ও পুলিশ মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা কয়লা পাচার চক্রের তদন্তে মনোরঞ্জন মণ্ডলের নাম উঠে আসে। অভিযোগ, অবৈধ কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং পাচারচক্রকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র পেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রানীগঞ্জ, জামুড়িয়া ও বুদবুদ এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তল্লাশি অভিযানে জামুড়িয়া থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই সময় বুদবুদ থানার ওসি পদে ছিলেন মনোরঞ্জন মণ্ডল। ওই ঘটনার পর তাঁকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়। পরবর্তীতে ইডি-র দফতরে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে।
তদন্তকারী সংস্থার নজরে এখন মনোরঞ্জন মণ্ডলের আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট, কল রেকর্ড এবং সম্পত্তির বিবরণ। তদন্তকারীদের অনুমান, এই গ্রেফতারের জেরে কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত আরও প্রভাবশালী ব্যক্তি, পুলিশকর্তা কিংবা রাজনৈতিক যোগসূত্রের তথ্য সামনে আসতে পারে।
রাজ্যের অন্যতম আলোচিত এই মামলায় মনোরঞ্জন মণ্ডলের গ্রেফতারিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী মহল। আগামী কয়েকদিনে জিজ্ঞাসাবাদ ও তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলার পরবর্তী মোড়।
এদিকে, এই ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
June 18, 2026
Rating:

No comments: