জমি মালিক বঞ্চিত, ক্ষতিপূরণ গেল ভাড়াটিয়ার হাতে! রাণীগঞ্জে এনএইচএআই জমি অধিগ্রহণ ঘিরে বিস্ফোরক অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, রাণীগঞ্জ -: জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে জমি অধিগ্রহণের নামে ক্ষতিপূরণ বণ্টনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জে। অভিযোগ, জমির প্রকৃত মালিককে উপেক্ষা করে তাঁর কোটি টাকার গুদামের ক্ষতিপূরণের অর্থ ভাড়াটিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগকারী কৌশিক ভাদানি জানান, রাণীগঞ্জের কুমারবাজার মৌজায় তাঁর বাবা যোগেন্দ্র প্রসাদ গুপ্তর মালিকানাধীন জমির একটি অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) ‘গ্রিন হাইওয়ে’ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। তাঁদের ২.৬০ শতক জমির মধ্যে ১.১৮ শতক জমি অধিগ্রহণের ফলে প্রায় ৭,৯২০ বর্গফুটের একটি নির্মিত গুদাম ভেঙে ফেলা হয়।
কৌশিক ভাদানির দাবি, জমির ক্ষতিপূরণ মালিকের হাতে পৌঁছালেও গুদামের ক্ষতিপূরণের অর্থ প্রকৃত মালিককে না দিয়ে এক ভাড়াটিয়ার নামে মঞ্জুর করা হয়েছে। শুধু তাই নয়, একই প্রকল্পে দুটি পৃথক গুদামের ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রেও অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, গত তিন বছর ধরে তিনি ন্যায়বিচারের আশায় একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হয়েছেন। রাণীগঞ্জ থানা, জেলা শাসকের দফতর, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক পর্যন্ত লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ বা সন্তোষজনক উত্তর মেলেনি।
কৌশিক ভাদানি বলেন, “তিন বছর ধরে আমি ন্যায়বিচারের জন্য লড়াই করে চলেছি। বারবার আবেদন করেছি, কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া কিছু পাইনি। আমার পরিশ্রমে গড়ে তোলা সম্পত্তির ক্ষতিপূরণ ভুল ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই বিষয়টি জনসমক্ষে আনতে হয়েছে।”
ঘটনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রকৃত মালিক থাকা সত্ত্বেও কীভাবে সরকারি ক্ষতিপূরণের অর্থ অন্য কারও হাতে পৌঁছল? ক্ষতিপূরণ প্রদানের আগে কি প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়নি? নাকি এর পিছনে রয়েছে প্রশাসনিক গাফিলতি কিংবা আরও গভীর কোনও অনিয়ম?
এখন কৌশিক ভাদানি এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।
ঘটনায় একাধিক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।"
Reviewed by Social Tribal News Journalist
on
June 17, 2026
Rating:

No comments: