নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: আগামী ২৬ জুন মহরম উপলক্ষে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে মহরম উদ্যোক্তা কমিটিগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল পুলিশ প্রশাসন। রাজ্যের অন্য কোনও জেলায় বা এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় কোনও ধরনের উত্তেজনা বা অশান্তি সৃষ্টি করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ জামুড়িয়া থানায় বিভিন্ন মহরম উদ্যোক্তা কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।
বৈঠকে মহরম উৎসবকে কীভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের মতো এ বছরও একই নিয়ম কার্যকর থাকবে। মহরমের শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না এবং কোনও ধরনের অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন কোনও কর্মকাণ্ড বা উসকানিমূলক আচরণ বরদাস্ত করা হবে না। বিশেষ করে রাজ্যের অন্য প্রান্তে ঘটে যাওয়া কোনও ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় অশান্তির পরিবেশ তৈরি না করার জন্য উদ্যোক্তাদের সতর্ক করা হয়।
প্রশাসনের এই বার্তাকে স্বাগত জানিয়ে মহরম কমিটিগুলির প্রতিনিধিরা শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আসন্ন মহরম উৎসবকে ঘিরে যাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেদিকেই জোর দিয়েছে পুলিশ প্রশাসন।
Reviewed by Social Tribal News Journalist
on
June 23, 2026
Rating:

No comments: