Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জের উন্নয়নে দিল্লিতে তৎপর পার্থ ঘোষ, রেলমন্ত্রীর কাছে পুনর্বাসন থেকে নতুন ট্রেন—একাধিক গুরুত্বপূর্ণ দাবি


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের সামগ্রিক উন্নয়ন, রেল পরিষেবার সম্প্রসারণ এবং দীর্ঘদিনের জনস্বার্থের একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রানীগঞ্জের বিধায়ক তথা আইনজীবী পার্থ ঘোষ। বৈঠকে তিনি রেল অবকাঠামোর উন্নয়ন, যাত্রী পরিষেবা বৃদ্ধি, নতুন ট্রেনের স্টপেজ এবং রেল প্রকল্পের গতি বাড়ানোর পাশাপাশি লায়েকবাঁধ-সহ উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

সূত্রের খবর, বৈঠকে বিধায়ক পার্থ ঘোষ রেলমন্ত্রীকে জানান, রানীগঞ্জের লায়েকবাঁধ, পুরনমল ও অন্ডাল স্টেশন সংলগ্ন রেল জমিতে উচ্ছেদ অভিযানের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নয়নের প্রয়োজনীয়তা মেনে নিয়েও তিনি জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি মানবিক ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি। কোনও অসহায় পরিবার যেন পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেই আবেদনও তিনি রেলমন্ত্রীর কাছে জানান।

পার্থ ঘোষ জানান, কয়েকদিন আগেই তিনি লায়েকবাঁধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি এবার বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে গুরুত্ব সহকারে উত্থাপন করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

বৈঠকে শুধু পুনর্বাসনের বিষয়ই নয়, রানীগঞ্জ ও সংলগ্ন শিল্পাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন বিধায়ক। তিনি উখড়া ও শঙ্করপুরে রেল ওভারব্রিজ (আরওবি) নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি উখড়া স্টেশনে এমজিআর চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ চালুর প্রস্তাবও দেন।

এছাড়াও অমৃত ভারত প্রকল্পের আওতায় রানীগঞ্জ রেলস্টেশনের আধুনিকীকরণ, বহু প্রতীক্ষিত রানীগঞ্জ–বাঁকুড়া নতুন রেললাইন দ্রুত সম্পূর্ণ করা, রানীগঞ্জ স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস এবং ভবিষ্যতে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবিও তিনি জানান। একই সঙ্গে আসানসোল–কলকাতা ও আসানসোল–নয়াদিল্লির মধ্যে নতুন ট্রেন চালু, বর্তমানে চলা সাপ্তাহিক ট্রেনগুলিকে পর্যায়ক্রমে দৈনিক পরিষেবায় রূপান্তর এবং অন্ডাল স্টেশনে আরও দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ানোর বিষয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

শিল্পাঞ্চলের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যাত্রী ও মালবাহী রেল অবকাঠামোর সম্প্রসারণ এবং স্থানীয় রেল পরিষেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে তুলে ধরেন পার্থ ঘোষ। তাঁর বক্তব্য, এই দাবিগুলি দীর্ঘদিন ধরে রানীগঞ্জ, উখড়া, অন্ডাল-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের ন্যায্য দাবি। এগুলি বাস্তবায়িত হলে লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হবে, শিল্পাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বৈঠক শেষে পার্থ ঘোষ আশাবাদ ব্যক্ত করে বলেন, রেলমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্ত প্রস্তাব শুনেছেন। তিনি আশা করছেন, সংশ্লিষ্ট দাবিগুলির বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে এবং অদূর ভবিষ্যতে রানীগঞ্জের রেল যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।

রানীগঞ্জের উন্নয়নে দিল্লিতে তৎপর পার্থ ঘোষ, রেলমন্ত্রীর কাছে পুনর্বাসন থেকে নতুন ট্রেন—একাধিক গুরুত্বপূর্ণ দাবি রানীগঞ্জের উন্নয়নে দিল্লিতে তৎপর পার্থ ঘোষ, রেলমন্ত্রীর কাছে পুনর্বাসন থেকে নতুন ট্রেন—একাধিক গুরুত্বপূর্ণ দাবি Reviewed by Social Tribal News Journalist on June 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.