রাস্তায় ‘যমরাজ’! মৃত্যুভয় দেখিয়ে ট্রাফিক সচেতনতার বার্তা, অভিনব উদ্যোগে নজর কাড়ল রানীগঞ্জ ট্রাফিক গার্ড
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: ট্রাফিক আইন অমান্য করলেই যে মৃত্যুঝুঁকি বাড়ে, সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবার রাস্তায় নেমে এলেন ‘যমরাজ’। অভিনব এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল রানীগঞ্জ ট্রাফিক গার্ড ও দুর্গাপুরের জনকল্যাণ ফাউন্ডেশন।
সোমবার পাঞ্জাবি মোড় এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে যমরাজের বেশে সজ্জিত শিল্পীরা পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন। হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গতি, সিগন্যাল অমান্য করা-সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। যমরাজের বার্তা ছিল, ‘নিয়ম ভাঙলেই মৃত্যুর দুয়ার খুলে যেতে পারে’।
প্রচার অভিযানে পথচলতি মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবহারের শপথও গ্রহণ করানো হয়। অভিনব উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে এই সচেতনতামূলক কর্মসূচি উপভোগ করেন।
এদিন উপস্থিত ছিলেন রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ শীল, জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মীতা গাঙ্গুলি-সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক ও স্বেচ্ছাসেবীরা।
ট্রাফিক পুলিশের দাবি, প্রচলিত পদ্ধতির পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ মানুষের মধ্যে দ্রুত সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটির প্রশংসা করেছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
June 22, 2026
Rating:

No comments: