ইসিএল আবাসনে ‘ত্রাণ ভাণ্ডার’! পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংয়ের দখল করা কোয়ার্টার থেকে উদ্ধার শতাধিক কম্বল-ত্রিপল, রেশনের চাল-গমে তোলপাড় জামুড়িয়া
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা পড়াশিয়া এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা উদীপ সিং এর দখলে থাকা একটি ইসিএল আবাসন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও রেশন সামগ্রী উদ্ধারের ঘটনায় নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আবহে উদীপ সিং পড়াশিয়া এলাকার ইসিএলের দুটি আবাসন দখল করে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি পরিবার-পরিজন নিয়ে আবাসন ছেড়ে চলে যান এবং কোয়ার্টার দুটিতে তালা ঝুলিয়ে দেন। এরপরই গোপন সূত্রে খবর পায় স্থানীয় বিজেপি নেতৃত্ব যে ওই আবাসনের একটিতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে।
খবর পাওয়ার পর বিজেপি নেতারা বিষয়টি কোলিয়ারি কর্তৃপক্ষের নজরে আনেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোলিয়ারি কর্তৃপক্ষ, জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ, আধাসামরিক বাহিনী এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে আবাসনের তালা খোলা হয়। আর তারপরই সামনে আসে বিস্ময়কর দৃশ্য।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আবাসনের ভেতরে স্তূপ করে রাখা ছিল শত শত কম্বল, ত্রাণের ত্রিপল, বিভিন্ন ধরনের কাপড় এবং বিপুল পরিমাণ রেশনের চাল ও গম। গরিব ও দুঃস্থ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী কীভাবে ওই আবাসনে পৌঁছল, তা নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বহু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী যদি ব্যক্তিগত দখলে থাকা আবাসনে মজুত অবস্থায় পাওয়া যায়, তবে তার নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
অন্যদিকে, প্রশাসনিক সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কম্বল, ত্রিপল ও অন্যান্য সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও সংরক্ষণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে ঘিরে জামুড়িয়ার রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এটি শুধুমাত্র ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা নয়, বরং সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর রয়েছে গোটা জেলার।
Reviewed by Social Tribal News Journalist
on
June 04, 2026
Rating:


No comments: