নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ/কলকাতা -: আসন্ন বর্ষাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করেছে রাজ্য সরকার। নতুন সরকার গঠনের পর থেকেই সম্ভাব্য বন্যা, জলজট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন দফতরকে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরসভা, পৌরনিগম, শিশু কল্যাণ ও নারী সুরক্ষা কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে বিভিন্ন জেলা এবং শহরাঞ্চল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখছেন। বিশেষ করে জলনিকাশি ব্যবস্থা, নালার পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা এবং জলমগ্ন হওয়ার আশঙ্কাপূর্ণ এলাকাগুলিকে চিহ্নিত করার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজধানী কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে ঘিরে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো যাতে ভারী বর্ষণে জলজট পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন টানেল, আন্ডারপাস ও গুরুত্বপূর্ণ জলনিকাশি পথগুলির পরিকাঠামো পরীক্ষা করে দেখা হচ্ছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে বর্ষার কারণে ব্যাহত না হয়, সেদিকেই সরকারের প্রধান নজর। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিকাশি নালা পরিষ্কার, পাম্পিং ব্যবস্থার আধুনিকীকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত পাম্পিং মেশিন স্থাপন, জলজটপ্রবণ এলাকায় কন্ট্রোল রুম চালু এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আগাম প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসনকেও যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দাবি, এবার বর্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় কোনও খামতি রাখা হবে না। প্রশাসনের কড়া নজরদারিতে প্রস্তুতির প্রতিটি ধাপ এগিয়ে চলেছে। এখন নজর থাকবে প্রকৃতির পরীক্ষায় এই প্রস্তুতি কতটা সফল হয়, তার দিকেই। তবে আপাতত রাজ্য প্রশাসনের তৎপরতা আশাব্যঞ্জক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
June 02, 2026
Rating:

No comments: