রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের দুই যুব নেতাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার গভীর রাতে তৃণমূল যুব কংগ্রেসের রানীগঞ্জ শহর সভাপতি শুভ ভট্টাচার্য এবং তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতা ত্রিথাস বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে রানীগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতেই অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ কিংবা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি পুলিশ। ফলে ঘটনাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রানীগঞ্জ মণ্ডল-১ বিজেপির সক্রিয় কর্মী কৌশিক মুখার্জি। তিনি বলেন, “আইন তার নিজস্ব গতিতে কাজ করছে। কোনও ব্যক্তি বা রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নন। আমরা চাই গোটা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক এবং সত্য সামনে আসুক।”
দুই তৃণমূল নেতার গ্রেপ্তার ও আদালতে পেশের ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জ সহ গোটা শিল্পাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশের উপরই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতি।
বর্তমানে সকলের নজর পুলিশের তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
June 04, 2026
Rating:

No comments: