রানিগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রানীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এই আবহে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি শ্রমিক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার প্রশ্নে বামপন্থাকেই একমাত্র কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরলেন।
রবিবার সিটু-সংযুক্ত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গির্জাপাড়ার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে নারান বাউরি আসন্ন নির্বাচনে বামফ্রন্টের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাংলাকে চুরি, দুর্নীতি এবং বিভাজনের রাজনীতি থেকে রক্ষা করা আজ সময়ের দাবি। এর জন্য বামপন্থী আদর্শকে আরও শক্তিশালী করা জরুরি।” তাঁর দাবি, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে প্রকৃত লড়াই কেবল বামফ্রন্টই চালিয়ে যেতে সক্ষম।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা সুজিত মিশ্র, জেলা সম্পাদক সুদীপ ব্যানার্জি, ভৈরব সূত্রধর এবং প্রকাশ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মেডিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে একাধিক দাবি জানান।
তাদের মূল দাবির মধ্যে ছিল—
সম্মানজনক বেতন নিশ্চিত করা
৮ ঘণ্টার কর্মদিবস চালু করা
ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করে দাম কমানো
নেতারা জানান, এই দাবিগুলিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।
এদিন ইউনিয়নের পক্ষ থেকে নারায়ণ বাউরিকে সংবর্ধনা জানানো হয়। সভার শেষে শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার রক্ষার লড়াই জোরদার করার পাশাপাশি আসন্ন নির্বাচনে বামফ্রন্টকে সমর্থনের আহ্বান জানানো হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
March 23, 2026
Rating:

No comments: