জামুড়িয়া -: জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার জাতীয় সড়ক ১৯-এর সাতগ্রাম ফটক মোড়ে সোমবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক মিনি ট্রাক চালক। কাপড় বোঝাই একটি মিনি ট্রাক সামনে চলা একটি বড় ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। আহত চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলকাতা থেকে কাপড় বোঝাই করে একটি মিনি ট্রাক মুজফ্ফরপুর-এর উদ্দেশ্যে রওনা দেয়। সাতগ্রাম ফটক মোড়ে পৌঁছানোর সময় সামনে চলা একটি ট্রাক আচমকাই জোরে ব্রেক করলে মিনি ট্রাকটির চালক গাড়ি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাকটিকে এড়াতে না পেরে সেটির পিছনে ধাক্কা লাগে। এতে মিনি ট্রাকটির সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক কেবিনের ভিতরে আটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আহত চালককে কেবিন থেকে উদ্ধার করেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, সাতগ্রাম ফটক মোড়ে সাধারণত বাস ধরার জন্য বহু যাত্রী দাঁড়িয়ে থাকেন। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে তিনি শেষ মুহূর্তে গাড়িটিকে ডান দিকে ঘুরিয়ে দেন, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুই ট্রাককেই আটক করে শ্রীপুর ফাঁড়ি-তে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 16, 2026
Rating:


No comments: