আসানসোল -: আসানসোল-এর আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্লা মোড় এলাকায় জাতীয় সড়ক-১৯-এ শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চারটি গাড়ির পরপর সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন, যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচলতি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক মোহাম্মদ আজাদ সায়েদ জানান, “আমার গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন থেকে একটি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। এতে আমি গুরুতর আহত হই।” তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক আধিকারিক সঞ্জয় কুমার ভৌমিক জানান, তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। হঠাৎ একের পর এক চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি বাজেয়াপ্ত করে।
বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
March 20, 2026
Rating:


No comments: