যীশু হেমব্রম, রানীগঞ্জ -: আসন্ন ২৭ মার্চ রামনবমী উপলক্ষে রানীগঞ্জে বের হতে চলা ভব্য শোভাযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। সেই লক্ষ্যেই শুক্রবার রানীগঞ্জ থানায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রানীগঞ্জ এলাকার প্রায় ৩৫টি রামনবমী কমিটির প্রতিনিধিরা উপস্থিত থেকে শোভাযাত্রার নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল–২ বিমান কুমার মির্ধা, এসিপি ট্রাফিক জয়ন্ত বাগ, রানীগঞ্জ থানার ওসি অমিত সিনহা মহাপাত্র, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ নজমুল হুডা, নিমচা ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ পার্থ প্রতিম চক্রবর্তী, রানীগঞ্জ ট্রাফিক ইনচার্জ সতীনাথ শীল, রানীগঞ্জ বোরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা, রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত সিং, ওয়ার্ড কাউন্সিলর নেহা সাও-সহ বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, রানীগঞ্জ থানার নাগরিক কমিটির সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বৈঠকে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস এবং এসিপি বিমান কুমার মির্ধা জানান, রামনবমীর শোভাযাত্রার দিন নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। ওইদিন প্রায় ৪০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী, মোবাইল পেট্রোলিং এবং কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শোভাযাত্রার সময় ডিজে বাজানো এবং কোনও ধরনের অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সব রামনবমী কমিটিকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও বৈঠকে শোভাযাত্রার নির্ধারিত রুট, সময়সীমা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষের চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য বিশেষ ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।
পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসা পরিষেবার বিষয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। দমকল ও বিদ্যুৎ দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও প্রযুক্তিগত বা আকস্মিক সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা আরও জোরদার করতে শোভাযাত্রার পুরো রুটে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি পুলিশের বিশেষ টিম নিয়মিত টহল দেবে। বৈঠকের শেষে রামনবমী কমিটির প্রতিনিধিরা প্রশাসনকে আশ্বস্ত করেন যে তারা সব নিয়ম মেনে চলবেন এবং শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন।
Reviewed by Social Tribal News Journalist
on
March 13, 2026
Rating:



No comments: