আসানসোল -: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন। সেই প্রেক্ষিতে সোমবার আসানসোলের জেলা শাসক দপ্তরে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক এস. পন্নাবলমের সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া, আদর্শ আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।
জেলাশাসক এস. পন্নাবলম জানান, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৯৮। ভোটারদের সুবিধার্থে প্রয়োজনে জেলার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২৫৮৮ পর্যন্ত করা হতে পারে।
অন্যদিকে ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু আপত্তি জানানো হয়। এ প্রসঙ্গে জেলাশাসক বলেন, সংশ্লিষ্ট ভোটারদের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে, তাই এ বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলকে আদর্শ আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 16, 2026
Rating:

No comments: