দুর্গাপুর -: দেশ ও সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ ভোজপুরি মঞ্চ, দুর্গাপুরের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে চলেছে সর্বধর্ম সমন্বয়ের বার্তা বহনকারী হোলি মহা মিলনোৎসব। আগামী ৪ মার্চ, বুধবার সন্ধ্যায় রঙ ও সম্প্রীতির আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রোগ্রাম কমিটির সভাপতি গণেশ শর্মা জানান, এবারের মিলনোৎসবের মূল লক্ষ্য হল বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করা। অনুষ্ঠানে বিহার ও উত্তর প্রদেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা থেকেও একাধিক খ্যাতনামা লোকশিল্পী উপস্থিত থাকবেন। তারা ঐতিহ্যবাহী ফাগুয়া গান পরিবেশন করে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবেন।
শুধু ফাগুয়া নয়, অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষভাবে চৈতা গানেরও আয়োজন রাখা হয়েছে। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
রঙের উৎসবকে ঘিরে থাকছে ঠান্ডাই, নাশতা ও গুলাল দিয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা। আয়োজকদের আশা, এই মিলনোৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আনন্দের এক অনন্য বার্তা ছড়িয়ে দেবে দুর্গাপুর জুড়ে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 02, 2026
Rating:

No comments: