জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা এলাকার চুরুলিয়ায় WBPDCL-এর খোলা মুখ কয়লা খনিতে বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিজেপির কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে প্রশাসন ও খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
এদিন চুরুলিয়া হাটতলা থেকে বিজেপির একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কয়লা খনির নিকটবর্তী চৌমাথা মোড়ে পৌঁছালে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান বিক্ষোভে বসেন এবং রাস্তা অবরোধ করেন। বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জির নেতৃত্বে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, চুরুলিয়া অঞ্চলের চারটি স্কুল অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পাশাপাশি কয়লা খনিতে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, অজয় নদী থেকে অবৈধ বালু পাচার বন্ধ এবং এলাকায় পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের দাবিও তোলা হয়।
অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জামুড়িয়া থানা ও চুরুলিয়া ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অবরোধের জেরে কিছুক্ষণের জন্য সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
এ প্রসঙ্গে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর কথায়, “এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটেছে, নতুন চারটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে।” তিনি আরও জানান, চুরুলিয়ায় নতুন হেলথ সেন্টার গড়ে তোলা হয়েছে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বিজন মুখার্জি অতীতে রাণীগঞ্জে পরাজিত হয়েছেন, এবারও জামুড়িয়ায় মানুষ তাঁকে প্রত্যাখ্যান করবে।”
Reviewed by Social Tribal News Journalist
on
March 31, 2026
Rating:

No comments: