সোমবার প্রচারের প্রথম দিনেই নিঘা অঞ্চলের বৈরাগীবাগান আদিবাসী পাড়ায় কার্যত বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। প্রচার শুরু হতেই একঝাঁক মহিলা তাঁকে ঘিরে ধরে প্রশ্নবাণে জর্জরিত করেন। অভিযোগ একটাই—গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, শুধু ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ মহিলারা স্পষ্ট জানিয়ে দেন—“ভোটের আগে কথা নয়, কাজ চাই।” বাধ্য হয়ে অল্প কথাকাটাকাটির পর বিধায়ক আশ্বাস দেন, “পরে বসে সব সমস্যার সমাধান করা হবে।” তবে কেন এতদিন চুপ ছিলেন, কেন কোনও পদক্ষেপ নেননি—সে প্রশ্নে নীরবই থাকেন তিনি।
পরিস্থিতি সামাল দিতে এসে আরও অস্বস্তিতে পড়েন তৃণমূলের স্থানীয় কর্মী তথা কাউন্সিলর প্রতিনিধি ভোলা পাসওয়ান। এলাকাবাসীর তিরস্কারের মুখে তাঁকেও সরে যেতে হয়।
ঘটনার পর সাংবাদিকদের সামনে বিধায়ক বলেন, এলাকার সমস্ত দাবি দ্রুত পূরণে তিনি উদ্যোগ নেবেন। কিন্তু তাঁর এই প্রতিশ্রুতি আদৌ কতটা বিশ্বাসযোগ্য—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপি প্রার্থী বিজন মুখার্জি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, “মানুষের কাজ না করলে এই ক্ষোভ স্বাভাবিক। পাঁচ বছর পর দেখা মিললে প্রশ্ন তো উঠবেই।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার বাস্তব উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।
Reviewed by Social Tribal News Journalist
on
March 24, 2026
Rating:


No comments: