যীশু হেমব্রম,রানীগঞ্জ -: শিল্পাঞ্চল রানীগঞ্জে আবৃত্তির এক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকল রবিবার। সুপ্রতিষ্ঠিত আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা “আবৃত্তি একাডেমী রানীগঞ্জ”-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬। এদিন প্রায় ৩০০ জন আবৃত্তিকার অংশ নিয়ে কবিতার ছন্দে মুখরিত করে তোলে সমগ্র প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, শিক্ষাবিদ ও বিজ্ঞানী অজয় কুমার খৈতান, সমাজসেবী বলরাম রায় ও গোপাল আচার্য, প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল কর্মকার, চিকিৎসক ও সাহিত্যপ্রেমী ডাঃ তিলক নাথ ঘোষাল, কবি অচিন্ত্য মন্ডল, নাট্য ব্যক্তিত্ব হৃদয় নাথ চ্যাটার্জি, অধ্যাপিকা মৌসুমী মিত্র, সাংবাদিক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং ‘কৃষ্টি ও কল্লোল’-এর সম্পাদক জিতেন্দ্র দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব।
শুধু পশ্চিম বর্ধমান জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই প্রতিযোগিতা। আসানসোল, দুর্গাপুর ও রানীগঞ্জের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলা থেকেও বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ এই অনুষ্ঠানকে রূপ দেয় এক বৃহত্তর সাংস্কৃতিক মিলনমেলায়।
এদিন একাডেমীর নিজস্ব শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃএকাডেমী আবৃত্তি প্রতিযোগিতা, যেখানে নবীন প্রতিভাদের আত্মপ্রকাশ ছিল লক্ষণীয়। মোট ৯টি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় প্রতিটি মঞ্চে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং উচ্চমানের পরিবেশনা।
একাডেমীর পরিচালক অভিজিৎ দে জানান, আগামী ১২ই এপ্রিল একাডেমীর বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও সম্মাননা।
শিল্পাঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলে এই আয়োজন এক নতুন মাত্রা যোগ করেছে। আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সাংস্কৃতিক মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
March 29, 2026
Rating:


No comments: