নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষ আধিকারিক বদলি
কলকাতা -: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যের একাধিক শীর্ষ আধিকারিককে তাদের পদ থেকে সরিয়ে নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পীযূষ পাণ্ডেকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ১৯৯২ ব্যাচের আইপিএস আধিকারিক সিদ্ধনাথ গুপ্তাকে নতুন কার্যনির্বাহী ডিজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকেও পদমুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৯৬ ব্যাচের সিনিয়র আইপিএস আধিকারিক অজয় নন্দা। উল্লেখ্য, অজয় নন্দা এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে মাওবাদী বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর প্রথম আইজি হিসেবেও কাজ করেছেন।
প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) বিনীত গোয়েলকেও তাঁর পদ থেকে সরানো হয়েছে। তাঁর পরিবর্তে ১৯৯৫ ব্যাচের আইপিএস আধিকারিক অজয় মুকুন্দ রাণাডেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কারাগার মহাপরিচালক (ডিজি প্রিজনস) পদে ১৯৯১ ব্যাচের আইপিএস আধিকারিক নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করা হয়েছে।
এর আগে রবিবার রাতেই নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্যন্ত নারিওয়ালাকে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করে। পাশাপাশি স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীণার পরিবর্তে সংঘমিত্রা ঘোষকে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরপরই কমিশনের এই বড় প্রশাসনিক রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ, স্বাধীন ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
March 16, 2026
Rating:

No comments: