আসানসোল-: আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর অন্তর্গত কুলটি থানার বরাকর এলাকায় বুধবার ফের অশান্তির ঘটনা ঘটল। করিম ডাঙ্গাল এলাকায় বোমাবাজি, কথিত গুলিবর্ষণ ও পাথর নিক্ষেপের ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথর নিক্ষেপের সময় এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একটি মসজিদের বাইরে কিছু যুবক হাঙ্গামা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। মসজিদের সামনে রাখা একটি ডাস্টবিন ভাঙচুর করা হয় বলেও জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বোমাবাজি ও পাথর নিক্ষেপ। কথিত গুলির শব্দেও এলাকায় চরম আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে কুলটি থানা ও বরাকর পুলিশ ফাঁড়ির বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত ও সংযত থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, কোনও রকম গুজবে কান না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ঘটনার পর রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 04, 2026
Rating:


No comments: