জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে হরিরাম সিংয়ের নাম ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। দলীয় কর্মীরা ইতিমধ্যেই জোরকদমে প্রচার কাজে নেমে পড়েছেন।
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার জামুড়িয়ার আখলপুর মোড় সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রার্থী হরিরাম সিং নিজেই ফিতা কেটে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা এমআইসি সুব্রত অধিকারী (রানা), সিদ্ধার্থ রানা, শেখ দিলদার, সাধন রায়, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি ভোলা পাসোয়ান, ওয়ার্ড প্রেসিডেন্ট সুবর্ণা চট্টরাজসহ বহু তৃণমূল কর্মী-সমর্থক।
এইদিন প্রায় ১০০ জন বিরোধী দলের সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হরিরাম সিং তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হরিরাম সিং বলেন, “আজকের এই অস্থায়ী নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি প্রায় ১০০ জন মানুষ তৃণমূলে যোগ দিয়েছেন। দল আবারও আমার উপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এলাকার সমস্ত কর্মীরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “কারও যদি মনে হয় কর্মীদের মধ্যে কোনও মতভেদ রয়েছে, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা সবাই একসঙ্গে আছি এবং এইবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে ৩০,০০০-এর বেশি ভোটে জয়লাভ করব বলে আমরা আশাবাদী।”
Reviewed by Social Tribal News Journalist
on
March 19, 2026
Rating:


No comments: