১৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ট্রেলারের ধাক্কা — অল্পের জন্য বড় বিপদ এড়াল, ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী
জামুড়িয়া -: ১৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটল শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ। জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত তপসী পঞ্চায়েতের কুনুস্তড়িয়া কাঁটামোড়ে একটি ১৮ চাকার ট্রেলারের ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি চারচাকা স্করপিও গাড়ি ও তিনটি মোটরসাইকেল। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ থেকে হরিপুরের দিকে দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রেলারটি। কাঁটা মোড়ের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে একটি চলন্ত স্করপিও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এরপর একই ট্রেলার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি, একটি বুলেট এবং একটি পালসার মোটরসাইকেলকে পিষে দেয়। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা ফাঁড়ির পুলিশ। পাশাপাশি জড়ো হন বহু স্থানীয় বাসিন্দা। ঘটনার প্রতিবাদে এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় দুর্ঘটনা রুখতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাম্পার নির্মাণ ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলির ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয়। এর ফলে প্রায় এক থেকে দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা আইএনটিটিইউসি-র সভাপতি রাজু মুখার্জি জানান, “ট্রেলারটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল, যার ফলেই এই দুর্ঘটনা। এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাব, যাতে দ্রুত এখানে বড় আকারের বাম্পার তৈরি করা হয়।” তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে।
এদিকে, একই স্থানে বারবার দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 20, 2026
Rating:


No comments: